মাহিয়া মাহি ও ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল
পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল হয়েছে। ক্রেডিট কার্ডসংক্রান্ত খেলাপি ঋণের কারণে আজ রোববার সকালে মনোনয়নপত্রটি বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, সংগীতশিল্পী ডলি সায়ন্তনী প্রিমিয়াম ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন। এই কার্ডগুলোর বিপরীতে নেওয়া ঋণখেলাপি রয়েছে বলে ব্যাংকগুলো থেকে তথ্য-প্রমাণ এসেছে। এ কারণে নির্বাচনী প্রার্থী যাচাই-বাছাই বিধিমালায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করে আপিল করতে পারবেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সংগীতশিল্পী ডলি সায়ন্তনী বলেন, 'আমার ক্রেডিট কার্ডে কোনো বকেয়া নেই। সব বকেয়া পরিশোধ করা আছে। প্রয়োজনীয় প্রমাণ নিয়ে আপিল করব। আশা করি, এ বিষয়ে সঠিক বিচার পাব।'
অন্যদিকে,রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, শুনেছি আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করব। যে গ্রাউন্ড দেখিয়ে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে, সে বিষয়ে যথেষ্ট প্রমাণাদি রয়েছে। আপিল করার পর আমি সেগুলো উপস্থাপন করব।

0 Comments